ভানুপদ চক্রবর্তীকে রিফ্রেশ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৬ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরার প্রাক্তন কৃতী পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার ভানুপদ চক্রবর্তী-এর গৌরবময় কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে ১৬ ই ফেব্রুয়ারি সোমবার এক আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। ধর্মনগরের অন্যতম সংবাদ মাধ্যম রিফ্রেশ এন্টারটেইনমেন্ট-এর পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয় আগরতলা স্থিত উনার নিজ বাসভবনে। রিফ্রেশ এন্টারটেইন মেন্টের কর্ণধার বুদ্ধ দেব এদিন স্বয়ং উপস্থিত হয়ে ভানুপদ চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উনার কর্মজীবনে তাঁর নিষ্ঠা, সততা ও প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করে বুদ্ধ দেব বলেন, “দায়িত্ব পালনে উনার আদর্শ ও নীতিবোধ আমাদের সকলের কাছে অনুকরণীয়। রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় উনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” উল্লেখ্য, দীর্ঘ কর্মজীবনে ভানুপদ চক্রবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। কঠোর শৃঙ্খলা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং নিরপেক্ষ প্রশাসনিক ভূমিকার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানে উনার হাতে ফুলের তোড়া উওরীয় ও সংবর্ধনা স্মারক তুলে দেন রিফ্রেশ এন্টারটেইনমেন্টের কর্ণধার বুদ্ধ দেব। পাশাপাশি অবসরপ্রাপ্ত জীবনে সুস্বাস্থ্য, মানসিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এক গাম্ভীর্যপূর্ণ কিন্তু উষ্ণ পরিবেশে আয়োজিত এই সাক্ষাৎ ও সংবর্ধনা ভানুপদ চক্রবর্তীর কর্মজীবনের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এক অনন্য নিদর্শন হয়ে থাকবে বলে অভিমত।