৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন উপলক্ষে সিভিল ও পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলার ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনকে সামনে রেখে সিভিল ও পুলিশ সেক্টর আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ধর্মনগরের জেলা শাসক অফিসের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।জানা যায়, আসন্ন উপ-নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আধিকারিকদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণে ভোটগ্রহণ পদ্ধতি, ইভিএম ও ভিভিপ্যাট পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর করা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উওর জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক চান্দনী চন্দ্রান। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় নিযুক্ত প্রত্যেক আধিকারিককে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ভোটারদের আস্থা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। এছাড়াও জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি ও সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন। নির্বাচনের দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, রুট মার্চ, স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম ও ফ্লাইং স্কোয়াডের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।প্রশিক্ষণে সংশ্লিষ্ট সকল সেক্টর অফিসার, পুলিশ অফিসার ও নির্বাচন কর্মীরা অংশগ্রহণ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি মেনে নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করতে সকলকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের এই প্রস্তুতি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।