যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৯ মার্চ :- ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্ত বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে উনার মনোনয়নপত্র জমা দেন। এদিন বেলা ১২ টায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে একটি মিছিল করে তিনি ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান। সেখানে রিটার্নিং অফিসার তথা ধর্মনগরের মহকুমাশাসক দেবযানী চৌধুরীর কাছে তিনি নিজের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিল ও জমায়েতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের একাধিক শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রার্থী অমিতাভ দত্ত মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সাধারণ মানুষের স্বার্থরক্ষা, উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তিনি এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ধর্মনগরের জনগণ তাঁকে সমর্থন করবেন। উল্লেখ্য, ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বেড়েছে। আগামী দিনে এই কেন্দ্রকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার আরও জোরদার হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
ধর্মনগর উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত
