যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৪ মার্চ :- ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে ঘিরে রাজনৈতিক লড়াই এখন চরমে। তারই প্রেক্ষিতে সোমবার বিজেপি এক বিশাল শক্তি প্রদর্শনের মাধ্যমে শহরজুড়ে নজরকাড়া র্যালি বের করে। ঢাক-ঢোল, ব্যানার-পোস্টার ও স্লোগানের গর্জনে কার্যত মুখর হয়ে ওঠে গোটা ধর্মনগর শহর। এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। হাজার হাজার মানুষের ঢল নামে রাস্তায়, যা স্পষ্ট বার্তা দেয় যে আসন্ন উপ-নির্বাচনকে ঘিরে বিজেপি কোনোভাবেই পিছিয়ে থাকতে রাজি নয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে ধর্মনগর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পৌঁছায়। সেখানে রিটার্নিং অফিসারের নিকট আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। মনোনয়ন জমার সময় প্রার্থী ও নেতৃত্বদের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো – তাদের দাবি, উন্নয়ন ও সংগঠনের জোরে এই কেন্দ্রেও জয় সুনিশ্চিত। মনোনয়ন জমা শেষে বিজেপি নেতৃত্বদের বক্তব্যে স্পষ্ট, এই নির্বাচনকে তারা শুধুমাত্র একটি উপ-নির্বাচন হিসেবে দেখছে না, বরং এটি তাদের কাছে জনসমর্থনের এক বড় পরীক্ষার মঞ্চ। বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তারা দাবি করেন, “মিথ্যা প্রতিশ্রুতি ও অপপ্রচারের রাজনীতি দিয়ে আর জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ”অন্যদিকে, এই শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চাপ তৈরি করেছে বিজেপি। বিরোধী দলগুলিও ইতিমধ্যেই পাল্টা কর্মসূচি নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বলে খবর। সব মিলিয়ে, ধর্মনগরের উপ-নির্বাচন ঘিরে যে রাজনৈতিক লড়াই ক্রমশই তীব্র ও সংঘাতময় হয়ে উঠছে, সোমবারের এই র্যালি তারই এক স্পষ্ট প্রতিফলন। এখন দেখার, ভোটের বাক্সে এই শক্তি প্রদর্শন কতটা প্রভাব ফেলে।
ত্রিমুখী ভোটের লড়াইয়ে উত্তপ্ত ধর্মনগর, শক্তি প্রদর্শনে বিজেপির বিশাল র্যালি – মনোনয়ন দাখিল প্রার্থী জহর চক্রবর্তীর
