এসপিও পরিবারদের ডেপুটেশন, পুলিশের আশ্বাসে আশার আলো

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৪ মার্চ :- দীর্ঘদিনের বঞ্চনা ও অনিশ্চয়তার অবসানের দাবিতে এবার সরব হলেন বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও) জওয়ানদের পরিবারের সদস্যরা। সোমবার সকাল প্রায় ১১টা নাগাদ প্রায় শতাধিক পরিবার একত্রিত হয়ে ধর্মনগর-এ উত্তর জেলা পুলিশ সুপার অভিনাশ রাই-এর কাছে ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি তাঁদের বিভিন্ন দাবিদাওয়া সংবলিত একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। ডেপুটেশনে অংশগ্রহণকারী পরিবারগুলির অভিযোগ, বহু এসপিও জওয়ান ২০ থেকে ২৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে চললেও এখনও তাঁদের নিয়মিতকরণ করা হয়নি। এর ফলে কর্মজীবনের দীর্ঘ সময় পার করেও তাঁরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।এছাড়াও, তাঁদের দাবি অনুযায়ী কনস্টেবলদের তুলনায় এসপিওদের বেতন অনেক কম। পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাব, বীমা, ভাতা, ডিএ-টিএ সুবিধা না থাকা এবং অবসরের পর আর্থিক নিরাপত্তা ও পেনশন নিয়ে চরম অনিশ্চয়তা তাঁদের জীবনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে পরিবার গুলির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।সমস্ত অভিযোগ ও দাবি মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার অভিনাশ রাই। তিনি প্রতিনিধিদের আশ্বস্ত করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠানো হবে। পাশাপাশি সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি।ডেপুটেশনের পর এসপিও পরিবারগুলির মধ্যে একধরনের আশাবাদ লক্ষ্য করা যায়। তাঁদের মতে, প্রশাসনের এই ইতিবাচক মনোভাব দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।