বালিধূমে এডিসি নির্বাচনকে সামনে রেখে করমছড়া কেন্দ্রের প্রার্থী সাধন চাকমার সমর্থনে জাতি-উপজাতির ঐক্যের আহ্বান

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৩ মার্চ :- আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে করমছড়া কেন্দ্রের বালিধূম এডিসি ভিলেজে রবিবার এক গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হয়। চিত্ত দেব্বর্মার বাড়িতে আয়োজিত এই সভায় গণতন্ত্র পুনরুদ্ধার, এমজিএনরেগা পুনরায় চালু, বেকারদের কর্মসংস্থান এবং এডিসির সার্বিক উন্নয়নকে জনমুখী করার দাবিতে জাতি-উপজাতির ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) -এর পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। চিত্ত দেব্বর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক ইসলাম উদ্দিন এবং আনন্দবাজার অঞ্চল সম্পাদক প্রবীণ কুমার ত্রিপুরা। বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকায় একসময় স্বশাসিত জেলা পরিষদের অস্তিত্ব ছিল না। রাজতন্ত্র ও দীর্ঘ কংগ্রেস শাসনামলে উপজাতি জনগোষ্ঠী নানা বঞ্চনার শিকার হয়েছে। পরবর্তীতে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে বালিধূম, বড়মুড়া, জম্পুইহিলসহ বিভিন্ন এডিসি এলাকায় উন্নয়নের উদ্যোগ গ্রহণ করে, বিশেষ করে রাবার বাগান স্থাপনের মাধ্যমে বনাঞ্চল এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, ১৯৭৮ সালে পঞ্চায়েত ও এডিসি গঠিত হলেও এখনো এডিসির হাতে পর্যাপ্ত ক্ষমতা নেই। এডিসিকে আরও ক্ষমতা সম্পন্ন করতে হবে, যাতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধন সম্ভব হয়। এলাকার মানুষ উন্নত রাস্তা, বিশুদ্ধ পানীয় জল এবং কর্মসংস্থানের সুযোগ প্রত্যাশা করে। বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিজেপি ও তাদের সহযোগী শক্তির শাসনকালে এডিসি এলাকায় উন্নয়ন কার্যত স্থবির হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষক সংকট, রাস্তাঘাটের দুরবস্থা এবং পানীয় জলের সমস্যার কথা উল্লেখ করেন তিনি। সভা থেকে আগামী নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী সাধন চাকমাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জাতি-উপজাতির ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আবেদন জানান বক্তারা।