যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ০৬ মার্চ :- ধর্মনগর শহরের পদ্মপুর ১৯/২০ নং ওয়ার্ডের অন্তর্গত হরিচাঁদ রোডে দীর্ঘদিন ধরে জল সরবরাহের পাইপ ফাটলের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার মাঝখানে ফাটা পাইপ থেকে প্রতিদিন জল বেরিয়ে জমে থাকায় এলাকায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতার সমস্যা।স্থানীয় সূত্রে জানা যায়, বহুবার জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর কোনও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেনি। সম্প্রতি রাস্তার নতুন করে পিচকরণ করা হলেও, ফাটা ওয়াটার সাপ্লাইর পাইপ মেরামত না করেই তড়িঘড়ি করে পিচ ঢেলে দেওয়া হয়। ফলে প্রতিদিন সকালে যখন এলাকায় জল সরবরাহ করা হয়, তখন ফাটা পাইপ দিয়ে জল উপচে উঠে রাস্তার উপর ছড়িয়ে পড়ে। এর জেরে নতুন পিচ দিন দিন উঠে গিয়ে রাস্তার বেহাল দশা তৈরি হওয়ার পথে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, জল দপ্তরের চরম খামখেয়ালিপনার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি অর্থ ব্যয় করে নতুন রাস্তা তৈরি হলেও, প্রাথমিক সমস্যার সমাধান না করায় সেই কাজ এখন প্রশ্নের মুখে। স্থানীয়দের মতে, “আগে পাইপ সারাই করে তারপর রাস্তা পিচ করা উচিত ছিল। এখন নতুন রাস্তা নষ্ট হচ্ছে, অথচ কেউ দায় নিচ্ছে না। ”ওয়ার্ডের কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, সমস্যাটি দীর্ঘদিন ধরে চোখে পড়ার পরও তাঁদের তরফে কোনও দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। একইভাবে জল দপ্তরের পক্ষ থেকেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে দাবি এলাকাবাসীর। বর্তমানে রাস্তার উপর জল জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তর ও জন প্রতিনিধিরা কবে এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসেন।
সাপ্লাইর পাইপ সারাই না করেই পিচ! নষ্ট হচ্ছে নতুন রাস্তা”
