উৎসর্গ রায়, ধর্মনগর, ১৯ মার্চ :- আসন্ন ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে প্রশাসনের তরফে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা-র নেতৃত্বে এক বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ধর্মনগর শহরজুড়ে ফ্ল্যাগ মার্চ করেন। জানা গেছে, ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা – বাজার, জনবহুল মোড় ও সংবেদনশীল অঞ্চলগুলিকে চিহ্নিত করে এই ফ্ল্যাগ মার্চ পরিচালিত হয়। পুলিশের এই শক্তি প্রদর্শনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া এবং নির্বাচনের আগে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন উপনির্বাচন যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে আগাম এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আইন- শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গোটা শহরজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, ফ্ল্যাগ মার্চের ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ ও নিরাপদ হবে। প্রশাসন সূত্রে আরও জানা যায়, নির্বাচন যত এগিয়ে আসবে, ততই বিভিন্ন এলাকায় নজরদারি ও টহলদারি বাড়ানো হবে, যাতে কোনোভাবেই শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয়।
ধর্মনগর উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার, শহরে পুলিশের ফ্ল্যাগ মার্চ
