রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৯ মার্চ :- ধর্মনগর পুর পরিষদের ১৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুর হরিচাঁদ রোডস্থিত নকুল নাথ সরণিতে নিজ বাড়ির বাউন্ডারি মেরামতের কাজ করতে গিয়ে বৃষ্টির জলে ভেজা জলের মোটরের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেন এক যুবক। আহত যুবকের নাম সৌরভ নাথ, বয়স ৩৭, পিতা অনিল নাথ। জানা যায়, সাম্প্রতিক প্রবল বৃষ্টির জেরে সৌরভ নাথের বাড়ির বাউন্ডারির টিনের একটি অংশ ভেঙে পড়ে। বৃহস্পতিবার সকালে তিনি নিজেই সেটি মেরামতের কাজ করছিলেন। কাজের সময় অসাবধানতা বশত জলের মোটরের বৈদ্যুতিক তারে হাত লেগে গেলে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেন, এবং সৌরভ কে নিরাপদ স্থানে নিয়ে আসেন ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে স্থানীয়দের তৎপরতায় ধর্মনগর দমকল কর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও, দ্রুত তৎপরতায় একটি বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানান এলাকাবাসীরা।
বাউন্ডারি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট যুবক, অল্পের জন্য বড় বিপদ এড়ালেন
