৬৯তম পদ্মবিল ইন্দুরাইল দুগঙ্গা অম্বিকা কুন্ডে বারুণী মেলা: পূণ্য স্নানে ভক্তদের ঢল

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৮ মার্চ :- ১৭ই মার্চ বিকেলে পানিসাগর মহকুমার ঐতিহ্যবাহী ৬৯তম পদ্মবিল ইন্দুরাইল দুগঙ্গা অম্বিকা কুন্ডে মধূকৃষ্ণা এয়োদশী তিথিকে কেন্দ্র করে শুরু হয় বারুণী মেলা উপলক্ষে তিনদিনব্যাপী পূণ্য স্নান কর্মসূচি। এই উপলক্ষে ১৬ই মার্চ অনুষ্ঠিত হয় শুভ অধিবাস পূজার্চনা। ১৭ই মার্চ ভোর থেকেই শত শত পূণ্যার্থী অম্বিকা কুন্ডে পবিত্র স্নানে অংশ নেন। স্নান শেষে ভক্তরা অম্বিকা কুন্ড প্রাঙ্গনে অবস্থিত দেবাদিদেব মহাদেব ও মাতা অম্বিকার মন্দিরে পূজার্চনায় অংশগ্রহণ করেন। এই পূণ্য স্নান কর্মসূচির শুভ সূচনা করেন স্বপ্নাদিষ্ট অম্বিকা কুন্ডের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুকুমার নাথের উত্তরসূরি ও মন্দির পরিচালন কমিটির সহ- সভাপতি দিলিপ কুমার নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক সত্যেন্দ্র দেব নাথ, কোষাধ্যক্ষ শ্রীকৃষ্ণ দেব নাথ সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, ইন্দুরাইল দুগঙ্গা অম্বিকা কুন্ড বারুণী মেলা শুধুমাত্র একটি প্রাচীন ধর্মীয় উৎসব নয়, এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের প্রতীক হিসেবেও পরিচিত। পাহাড়ি অধ্যুষিত এই এলাকায় ভীল, উরাং, হালাম, মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এই মেলাকে এক অনন্য মিলনমেলায় পরিণত করেছে।

তবে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়, উত্তর জেলা প্রশাসন ও পানিসাগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এপ্রিল মাস পর্যন্ত সকল ধরনের মেলা-পার্বণের উপর নিষেধাজ্ঞা জারি থাকায়, পূণ্য স্নান কর্মসূচি অনুষ্ঠিত হলেও ঐতিহ্যবাহী মিলন মেলার পূর্ণ রূপ এবার পাওয়া যায়নি। তবুও দীর্ঘ ৬৮ বছরের ঐতিহ্যকে ধরে রেখে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শত শত পূণ্যার্থী ও দোকানিরা উপস্থিত হয়ে বিভিন্ন পসরার মাধ্যমে মেলাকে প্রাণবন্ত করে তোলেন। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবারও অম্বিকা কুন্ডে বারুণীর পূণ্য স্নান কর্মসূচি অব্যাহত থাকবে।