রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৬ মার্চ :- আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষার বার্তা নিয়ে সোমবার এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বালিধুম গ্রাম পঞ্চায়েতের বালিধুম গ্রাম ও বৈঠাং বাড়ি এলাকায়। এই উপলক্ষে এলাকার জনজাতি ও বাঙালি মহিলাদের মধ্যে সুতা ও শাড়ি বিতরণ করা হয়।জনজাতি সমাজে রিশা ও পাঁচরা নারীদের এক ঐতিহ্যবাহী পোশাক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। এই ঐতিহ্যবাহী পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় সুতা প্রদান করা হলে জনজাতি বোনেরা তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে পারবেন। সেই উদ্দেশ্যেই এদিন বৈঠাং বাড়ি এলাকায় জনজাতি বোনদের হাতে সুতা তুলে দেওয়া হয়।এই কর্মসূচিতে উপস্থিত থেকে সুতা ও শাড়ি বিতরণ করেন এমডিসি বিমল চাকমা।পাশাপাশি বাঙালি বোনদের হাতে শাড়ি তুলে দিয়ে তাদের প্রতিও শুভেচ্ছা ও সমর্থনের বার্তা দেওয়া হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবরাজনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মালিনা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী ও স্থানীয় নেতৃত্ব। কর্মসূচিতে স্থানীয় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে বক্তারা বলেন, জনজাতি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের উন্নয়ন এবং সংস্কৃতি রক্ষার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিন সুতা ও শাড়ি পেয়ে এলাকার মহিলারাও আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই উদ্যোগ শুধু সাহায্যই নয়, তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিও সম্মান প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এডিসি নির্বাচনকে সামনে রেখে বালিধুম ও বৈঠাং বাড়িতে জনজাতি বোনদের সুতা ও বাঙালি বোনদের শাড়ি বিতরণ
