কামেশ্বর লালবাজারে মিষ্টির দোকানে ভয়াবহ দুর্ঘটনা, গরম তেলে দগ্ধ দুই কর্মী

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০৩ মার্চ :- ধর্মনগর মহকুমার কামেশ্বর লালবাজার এলাকায় অবস্থিত “নারায়ণ সুইটস” নামের এক মিষ্টির দোকানে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দোকানে চপ ভাজার সময় আচমকাই গরম তেলের কড়াই উল্টে গিয়ে গুরুতরভাবে দগ্ধ হন দুই কর্মী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকানে বিক্রির উদ্দেশ্যে চপ ভাজা হচ্ছিল। সেই সময় অসাবধানতাবশত গরম তেলের কড়াই উল্টে যায় এবং ছিটকে পড়া তেলে দুই কর্মীর শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। ঘটনাটি ঘটতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ধর্মনগর দমকল দপ্তর-এর কর্মীরা। তারা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি ধর্মনগর জেলা হাসপাতাল -এ নিয়ে আসেন। আহতদের মধ্যে একজন নিরাপদ দাস (৪০)। প্রাপ্ত সুত্রে জানা যায়, তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। অপর আহত ব্যক্তি বাপনচন্দ্র দেব (৪৫), তাঁর শরীরের প্রায় ৪০ শতাংশ অংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে খবর, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, আহত দুই ব্যক্তিরই বাড়ি কামেশ্বর লালবাজার এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভিড় করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। বর্তমানে দুজন আহত ব্যক্তির ধর্মনগর জেলা হাসপাতাল-এ চিকিৎসা চলছে