ত্রিপুরা পুলিশ সপ্তাহে উত্তর ত্রিপুরার ত্রিমুখী সাফল্য ডিজিপি ডিস্ক, বেস্ট পুলিশম্যান ও বেস্ট ডিস্ট্রিক্ট সম্মান

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- ত্রিপুরা পুলিশ সপ্তাহ – ২০২৫ উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ একাধিক মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়ে গৌরব অর্জন করেছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক – দুই ক্ষেত্রেই এই সাফল্য জেলা পুলিশের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনমুখী কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ধর্মনগর থানার অফিসার – ইন – চার্জ মিনা দেববর্মা ২০২৫ সালের জন্য “DGP’s Commendation Disc” পুরস্কার লাভ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশ সহ তাঁর সক্রিয় ভূমিকার জন্য এই সম্মান প্রদান করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্ব গোটা পুলিশ পরিবারের জন্য গর্বের বিষয়।অন্যদিকে, এসডিপিও ধর্মনগর জয়ন্ত কর্মকার “বেস্ট পুলিশম্যান অব দ্য ইয়ার – ২০২৫” পুরস্কার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদকে সম্মানিত হয়েছেন। সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, প্রশাসনিক দক্ষতা ও জনমুখী পুলিশি কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনি এই স্বীকৃতি অর্জন করেন। এছাড়াও, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। ২০২৫ সালের জন্য “বেস্ট ডিস্ট্রিক্ট ফর বিট সিস্টেম” সম্মানে ভূষিত হয়েছে জেলা পুলিশ। উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অভিনাশ রাই আইপিএস, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা-র হাত থেকে আগরতলার ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ড প্রাঙ্গণে ট্রফি ও সম্মানপত্র গ্রহণ করেন। বিট সিস্টেমের কার্যকর বাস্তবায়ন, জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সাফল্যের ফলেই এই সম্মান এসেছে বলে মনে করা হচ্ছে। জেলা পুলিশের এই ত্রিমুখী সাফল্যে প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়িত্ব বোধ নিয়ে জনসেবায় কাজ করে যাওয়ার অঙ্গীকার রয়েছে। উত্তর ত্রিপুরা জেলা পুলিশের এই অর্জন গোটা জেলাবাসীর জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।