আদালত চত্বরে অসুস্থ আসামীকে উদ্ধার, দমকলের তৎপরতায় প্রাণে বাঁচলেন ৬৫ বছরের বৃদ্ধ

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরার ধর্মনগরের আদালত চত্বরে বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ এক আসামীর শারীরিক অবস্থা হঠাৎ আশঙ্কাজনক হয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদালতে উপস্থিত সাধারণ মানুষ বিষয়টি লক্ষ্য করে দ্রুত খবর দেন ধর্মনগর দমকল দপ্তর-এ। খবর পাওয়া মাত্রই দমকল দপ্তরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পরিস্থিতি পর্যালোচনা করে অসুস্থ আসামীকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতাল-এ নিয়ে যান। দমকল কর্মীদের তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দমকল দপ্তরের এক কর্মী জানান, অসুস্থ আসামীর নাম ফইজুর রহমান (৬৫)। তাঁর বাড়ি পানিসাগর মহকুমা-র পদ্মবিল এলাকায়। আদালতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।