“মাই ভোট, মাই ভারত, মাই ইন্ডিয়া” লেখা মাটিতে চিত্র অঙ্কন ঘিরে বিতর্ক – ধর্মনগরে সমালোচনার ঝড়

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৩ ফেব্রুয়ারি :- জাতীয় ভোটার দিবস ২৫ জানুয়ারি উপলক্ষে ভোটারদের সচেতন করতে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণের সামনে মাটির উপর অঙ্কিত এক সচেতনতামূলক চিত্রকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রাঙ্গণের প্রবেশপথের ঠিক সামনে আঁকা ওই চিত্রে লেখা রয়েছে – “My Vote”, “Me Bharat Hoon” ও “My India”। স্থানীয়দের একাংশের অভিযোগ, দেশপ্রেম ও ভোটাধিকার সম্পর্কিত এমন বার্তা পাকার উপর অঙ্কন করায় দর্শনার্থীদের প্রতিদিন ওই লেখার উপর দিয়েই হেঁটে ভবনে প্রবেশ করতে হচ্ছে, যা অনেকের কাছে অসম্মানজনক বলে মনে হচ্ছে। উল্লেখ্য, অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে প্রায় প্রতিদিনই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক অনুষ্ঠান আয়োজিত হয়। ফলে প্রতিনিয়ত বহু মানুষের যাতায়াত রয়েছে এই প্রাঙ্গণে। পাকা রং দিয়ে সচেতনতামূলক বার্তাটি যেখানে অঙ্কিত হয়েছে, সেটি মূল প্রবেশপথের মাঝামাঝি হওয়ায় বিকল্প পথ প্রায় নেই বললেই চলে।স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোটার সচেতনতা অবশ্যই গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু দেশ ও গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত এমন বার্তা এমন স্থানে অঙ্কন করা উচিত ছিল, যেখানে মানুষ তা দেখবে ও সম্মান জানাবে – পায়ের নিচে পড়বে না। একজন প্রবীণ নাগরিক বলেন, “ভোটার দিবসের গুরুত্ব বোঝাতে প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু ‘মাই ইন্ডিয়া’ বা ‘মে ভারত হুঁ’ – এর মতো শব্দ মাটিতে লিখে তার উপর দিয়ে হাঁটা আমাদের কাছে অস্বস্তিকর। ”অন্যদিকে, কিছু মানুষের মতে, বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। তাঁদের বক্তব্য, এটি কেবল একটি সচেতনতামূলক শিল্পকর্ম, যার উদ্দেশ্য ছিল নজর কাড়া এবং ভোটারদের অংশগ্রহণে উৎসাহিত করা।তবে সমালোচকদের অভিযোগ, প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন ছিল। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের দাবি, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে যথাযথ স্থান ও উপস্থাপনার বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা হোক।