যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৮ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শত বার্ষিকী ভবন-এ ১৮ ফেব্রুয়ারি, বুধবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীরা তাঁদের সমস্যা, দাবি-দাওয়া ও কর্মপরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, ভারতীয় জনতা পার্টি উত্তর জেলার সভাপতি কাজল দাস এবং উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা যুবমোর্চার উত্তর জেলার সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা। এদিনের সভায় সভাপতিত্ব করেন রাখী দেব দে।বক্তারা জানান, রাজ্যে প্রায় ২৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দীর্ঘদিন ধরে শিশু ও মাতৃসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু তাঁদের পারিশ্রমিক বৃদ্ধি, অবসরকালীন সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত একাধিক দাবি এখনও পূরণ হয়নি।আলোচনা সভায় কর্মীদের ন্যায্য অধিকার আদায়, সম্মানজনক ভাতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের রূপরেখাও তুলে ধরা হয় বলে জানা গেছে।সভায় উপস্থিত একাধিক বক্তা সরকারের কাছে দ্রুত দাবি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, সভায় বিভিন্ন এলাকা থেকে আগত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি উপস্থাপন করেন।
উত্তর জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আলোচনা সভা অনুষ্ঠিত
