রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১৮ ফেব্রুয়ারি :- ধর্মনগর মহকুমার গঙ্গানগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুমিত শর্মা মঙ্গলবার রাত প্রায় আটটার দিকে মিশন টিলা বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন। বাজার থেকে কেনাকাটা সেরে গঙ্গানগর বড়ইতলে ভাড়া বাড়িতে হেঁটে ফিরছিলেন তিনি। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি স্কুটি (নম্বর :- TR-05-B-9271) তাঁকে সজোরে ধাক্কা দেয়।ধাক্কার জেরে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান।চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির আঘাত গুরুতর হলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসা চলছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্কুটিচালক দ্রুতগতিতে এসে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
মিশন টিলা বাজারে স্কুটির ধাক্কায় শিক্ষক গুরুতর আহত
