উৎসর্গ রায়, ধর্মনগর, ১৭ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ১৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া উৎসব ২০২৬ এর জাঁকজমক পূর্ণভাবে উদ্বোধন করা হয়। কলেজের শারীরিক শিক্ষা বিভাগ আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রান। তিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ক্রীড়াচর্চার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, আমন্ত্রিত অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বার্ষিক ক্রীড়া উৎসবে একাধিক ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই দিনের এই ক্রীড়া উৎসবকে ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হবে বলে জানা যায়।
ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া উৎসবের সূচনা
