রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ ফেব্রুয়ারি :- বুধবার রাত আনুমানিক ১০টা নাগাদ ধর্মনগর কলেজরোড এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি এবং গুরুতর আহত হলেন আরও একজন। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা। দুর্ঘটনাগ্রস্ত দুই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায়, বাইক (নং TR05D7990) ও একটি মালবাহী গাড়ি (নং AS01TC4059) -এর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা দু’জন গুরুতরভাবে আহত হন।
হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম বাদল শব্দকর। অপর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়েছে। আহতদের বাড়ি ধর্মনগর থানার অন্তর্গত দক্ষিণ হুরুয়া এলাকায় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালবাহী গাড়িটি আটক করে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, কলেজরোড এলাকায় রাতের সময় ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ ও বাড়তি নজরদারি প্রয়োজন।
কলেজরোডে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক, আশঙ্কাজনক অবস্থায় আরেক, গাড়ি আটক পুলিশের
