খুদরা কান্দি উচ্চ বিদ্যালয়ে সিআরপিএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম, ক্রীড়া সামগ্রী ও সৌর লণ্ঠন বিতরণ

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০৬ ফেব্রুয়ারি :- কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী পুলিশ – জনসম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ১৪০ ব্যাটালিয়ন সিআরপিএফ-এর উদ্যোগে শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬ এ পানিসাগরের খুদরা কান্দি উচ্চ বিদ্যালয়ে একটি সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ই/১৪০ কোম্পানির এওআর-এর অন্তর্ভুক্ত উপ্তাখালি এলাকায় আয়োজিত হয়।এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়, ক্লাব ও স্থানীয় বিভিন্ন সংগঠনের মধ্যে মোট ৯টি সৌর লণ্ঠন, ৫টি ভলিবল নেটসহ ৫টি ফুটবল এবং ১টি ক্যারাম বোর্ড কয়েন ও স্ট্রাইকারসহ বিতরণ করা হয়। সামগ্রীগুলি বিতরণ করেন ১৪০ ব্যাটালিয়ন সিআরপিএফ -এর কমান্ড্যান্ট মুন্না সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই–১৪০ ব্যাটালিয়নের অফিসার কমান্ডিং নওয়িন কুমার নিরালা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি মুন্না সিং বলেন, সিভিক অ্যাকশন প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে বাহিনীর যোগাযোগ আরও মজবুত হয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে স্থানীয় গ্রামবাসীরা ১৪০ ব্যাটালিয়ন সিআরপিএফ-এর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার আশা ব্যক্ত করেন।