সঞ্জয় সাহা, টংলা, ০৫ ফেব্রুয়ারি :- ওদালগুড়ি জেলার শৈক্ষিক ও সাংস্কৃতিক শহর টংলায় গতকাল রাত ৮-৩০ মিনিট নাগাদ টংলা প্রণবানন্দ বিদ্যা মন্দিরের অধ্যক্ষ সুদীপ বিশ্বাস (দ্বীপ) হঠাৎ করেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে টংলা অসামরিক চিকিৎসালয়ে নিয়ে ভর্তি করানো হয়। এরপর স্থানীয় ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সুদীপ বিশ্বাসকে তড়িঘড়ি গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে সুদীপ বিশ্বাসের বয়স ছিল ৩৭ বছর। সংসারে পত্নী সহ রেখে যান বাবা শিশির বিশ্বাস ও মা বানী বিশ্বাসকে। প্রসঙ্গত সুদীপ পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন। শিক্ষকতা ছাড়াও সুদীপ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সারা বি.টি.আর বাঙালি যুব-ছাত্র ফেডারেশন টংলা আঞ্চলিক কমিটির মুখপাত্র ছিলেন। উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভার সকল কর্মকাণ্ডে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার- পরিজনের সঙ্গে গোটা টংলা শহরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভা ও সারা বিটিআর বাঙালি ছাত্র-যুব ফেডারেশনের পক্ষ থেকে সুদীপ বিশ্বাসের আকস্মিক মৃত্যুতে শোক ব্যক্ত করা হয়েছে।
সুদীপ বিশ্বাসের আকস্মিক মৃত্যুতে টংলায় শোকের ছায়া
