রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, 2 ফেব্রুয়ারি :- রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার ঘোষণাকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাঞ্চনপুর বাজারে চলছে অবৈধ ড্রাগসের রমরমা কারবার। কয়েক মাস পূর্বে কাঞ্চনপুর বাজার কমিটি ও পুলিশ প্রশাসন যৌথভাবে ড্রাগস ব্যবসায়ীদের সতর্ক করেছিল। সে সময় পুলিশি অভিযানে গ্রেপ্তারও করা হয় কয়েকজন ব্যবসায়ীকে কিন্তু পরবর্তী সময় দেখা যায় জামিনে মুক্তি পেয়ে ফের পুরনো ছন্দে ফিরেছে ড্রাগস কারবারিরা। এর সরাসরি প্রভাব পড়ছে কাঞ্চনপুরের যুবসমাজের উপর। নেশার কবলে পড়ে ধীরে ধীরে ধ্বংসের পথে এগোচ্ছে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম এমনই গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতির বিরুদ্ধে সরব হয়ে সোমবার দুপুর ১২ ঘটিকা নাগাদ কাঞ্চনপুর থানায় লিখিত ডেপুটেশন জমা দেন ক্ষুব্ধ স্থানীয়রা। ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনারা জানান, কাঞ্চনপুর বাজারের একটি গলি দীর্ঘদিন ধরেই মদের গলি নামে পরিচিত লাব করেছে । অভিযোগ অনুযায়ী, ওই গলির দেশি মদ ব্যবসায়ীরা মদের আড়ালে বর্তমানে ড্রাগস বিক্রি করছে। স্থানীয়দের দাবি এই অবৈধ ড্রাগস ব্যবসার কারণে তাঁদের ছেলে-মেয়েরা পড়াশোনা ছেড়ে নেশার দিকে ঝুঁকছে, সৃষ্টি হচ্ছে সামাজিক অবক্ষয়। অথচ সবকিছু জেনেও কার্যকর ও স্থায়ী পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। ক্ষুব্ধ এলাকাবাসীর স্পষ্ট দাবি এই মারণ ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ড্রাগস কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। উনারা আরও জানান সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা উনাদের আশ্বাস দিয়েছেন যে আগামী কাল থেকেই অবৈধ ড্রাগস ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে নামা হবে। উনারা আরও জানান এই ডেপুটেশন শুধু কাঞ্চনপুর থানাতেই সীমাবদ্ধ থাকবে না, কাঞ্চনপুর বাজার কমিটি, মহকুমা প্রশাসন এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের কাছেও লিখিতভাবে জানানো হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
কাঞ্চনপুরে বাজারে ড্রাগসের রমরমা কারবার! যুবসমাজ ধ্বংসের মুখে, থানায় ক্ষুব্ধ জনতার ডেপুটেশন
