ধর্মনগরের সোনাপুরের ধানক্ষেতে রহস্যজনকভাবে অচেতন অবস্থায় এক পুরুষ উদ্ধার

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৮ জানুয়ারি :- উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত সোনাপুর ১ নং ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে বুধবার সকালে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৮টা নাগাদ সোনাপুর ১ নং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা ধানক্ষেতের মধ্যে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি কদমতলা পুলিশ স্টেশন ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় কদমতলা ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে অচেতন ব্যক্তিকে উদ্ধার করে কদমতলা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে খবর সংগ্রহের সময় পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্যও জানা যায়নি। অন্যদিকে, কদমতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অচেতন ব্যক্তির পরিচয় নির্ধারণ ও তিনি কীভাবে ধানক্ষেতে পৌঁছালেন, সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। ঘটনার পেছনে কোনও রহস্য রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।