প্রধানমন্ত্রী মোদি কমনওয়েলথ স্পিকার্স কনফারেন্সের উদ্বোধন করবেন : ওম বিড়লা

- রত্নজ্যোতি দত্ত -

নুতন দিল্লি, ১২ জানুয়ারি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ জানুয়ারি নুতন দিল্লিতে ২৮তম কমনওয়েলথ স্পিকার্স কনফারেন্সের উদ্বোধন করবেন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সোমবার এ তথ্য জানিয়েছেন।

এই অনুষ্ঠান গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করা এবং বিশ্বজুড়ে সংসদীয় সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ভারতের ধারাবাহিক প্রতিশ্রুতির প্রতিফলন। সংসদ ভবন অ্যানেক্সিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিড়লা বলেন, ১৬ বছরের ব্যবধানে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আবার দিল্লিতে ফিরছে।

ভারত এর আগে ১৯৭১, ১৯৮৬ এবং ২০১০ সালে কমনওয়েলথের স্পিকার ও পীঠাসীন কর্মকর্তাদের সম্মেলন (সিএসপিওসি) আয়োজন করেছিল।

সম্মেলনের মূল বিষয়বস্তু সম্পর্কে বিড়লা জানান, এ বছর সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

১৪ জানুয়ারি শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে তিন দিনের এই সম্মেলন। এতে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের জ্যেষ্ঠ সংসদীয় নেতারা অংশ নেবেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট ড. তুলিয়া অ্যাকসন এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সন ড. ক্রিস্টোফার কালিলা বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিড়লার বলেন ইতিমধ্যে ৪২টি দেশ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সাইপ্রাস ও উগান্ডার মতো কয়েকটি দেশ নিজ নিজ দেশে সাধারণ নির্বাচন ও বাজেট অধিবেশনের মতো অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে এ বছরের সম্মেলনে অংশ নিতে পারবে না। প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশও এ বছর সম্মেলনে অংশ নিচ্ছে না।

সম্মেলনে চারটি কর্মশালা অধিবেশন অনুষ্ঠিত হবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে – সংসদে এআই ব্যবহারে উদ্ভাবন, নজরদারি ও অভিযোজনের মধ্যে ভারসাম্য, সংসদ সদস্যদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, সংসদ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং ভোটের বাইরে নাগরিক অংশগ্রহণ জোরদারের নতুন কৌশল, এবং সংসদ সদস্য ও সংসদীয় কর্মকর্তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও কল্যাণ।

এছাড়া ‘শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষায় স্পিকার ও পীঠাসীন কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে ওম বিড়লা মূল বক্তব্য রাখবেন।

সম্মেলনের সমাপ্তি দিনে, ১৬ জানুয়ারি, বিড়লা আনুষ্ঠানিকভাবে সিএসপিওসি-র সভাপতিত্ব যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল-এর কাছে হস্তান্তর করবেন।