ধর্মনগরে কল্পনা সেবা স্মৃতি ট্রাস্টের উদ্যোগে সাংসদের উপস্থিতিতে মেগা রক্তদান শিবির সম্পন্ন

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ জানুয়ারি :- “রক্তদান জীবন দান, আসুন সবাই মিলে বাঁচাই একটি প্রাণ” – এই মানবিক আহ্বানকে সামনে রেখে রবিবার ১১ই জানুয়ারি ধর্মনগরের জেল রোডস্থিত কল্পনা সেবা স্মৃতি ট্রাস্টের উদ্যোগে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য, উপস্থিত ছিলেন রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।সকাল থেকেই শিবির প্রাঙ্গণে রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক মানবিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যুবক-যুবতী, স্বেচ্ছাসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত রক্তদানের মাধ্যমে বহু অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত মানুষের জীবন রক্ষা করা সম্ভব – এই লক্ষ্যেই ট্রাস্টের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রক্তদাতাদের জন্য চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবক দের তত্ত্বাবধানে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে রক্ত সংগ্রহ করা হয়। পাশাপাশি রক্তদাতাদের উৎসাহিত করতে স্বাস্থ্য পরীক্ষা, সার্টিফিকেট ও প্রয়োজনীয় আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, রক্তদানের মতো মহৎ কাজে সমাজের সকলের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। কল্পনা সেবা স্মৃতি ট্রাস্টের এই উদ্যোগ আগামী দিনেও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করা হয়। সমগ্র অনুষ্ঠানের মাধ্যমে মানবতার বার্তা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।