রত্নজ্যোতি দত্ত
নতুন দিল্লি, ৮ অক্টোবর :- বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল অমর প্রীত সিং মঙ্গলবার ঘোষণা করেন যে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত বিশ্বকে দেখিয়েছে কীভাবে বিমান শক্তি কয়েক দিনের মধ্যেই সামরিক ফলাফল নির্ধারণ করতে পারে।
হিন্ডন বিমান ঘাঁটিতে ২০২৫ সালের বিমান বাহিনী দিবসের কুচকাওয়াজে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুরে ভারতীয় বিমান বাহিনীর অসাধারণ পারফরম্যান্স প্রতিটি বিমান যোদ্ধাকে গর্বে ভরিয়ে দিয়েছে এবং দেশের বিমান শক্তির প্রতি আস্থা আরও দৃঢ় করেছে। “অপারেশন সিন্দুর

প্রমাণ করেছে যে নিখুঁত পরিকল্পনা, সুশৃঙ্খল প্রশিক্ষণ এবং দৃঢ় বাস্তবায়নের মাধ্যমে বিমান শক্তি কত দ্রুত সামরিক সাফল্য এনে দিতে পারে,” তিনি বলেন।
ভারতীয় বিমান বাহিনী তাদের ৯৩তম প্রতিষ্ঠা দিবস একটি জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের মাধ্যমে উদযাপন করে, জাতির সেবা ও সুরক্ষার অঙ্গীকার পুনর্নবীকরণ করে।
অপারেশন সিন্দুর চলাকালীন, বিমান বাহিনী উন্নত সেন্সর ও রাডার নেটওয়ার্কের ক্ষমতা প্রদর্শন করে, যা শত্রু বিমান, আকাশ অস্ত্র ও ড্রোন সঠিকভাবে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।
ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের সহযোগিতায় বিমান বাহিনীর সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) ও কাউন্টার-UAS ইউনিটগুলি ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (IACCS) এর অধীনে নিখুঁত সমন্বয়ে অভিযান চালিয়ে চমৎকার ফলাফল অর্জন করে।
কুচকাওয়াজে রাফালে, সুখোই-৩০ MKI, মিগ-২৯, দেশীয় নেত্র AEW&C, C-১৭ গ্লোবমাস্টার III, আকাশ মিসাইল সিস্টেম, C-১৩০J হারকিউলিস, অ্যাপাচি হেলিকপ্টার ও অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ভারতের আকাশ শক্তির দাপট প্রদর্শন করে। ১৯৪৮, ১৯৭১ ও ১৯৯৯ সালের যুদ্ধ, বালাকোট

বিমান হামলা এবং অপারেশন সিন্দুরের সাফল্য স্মরণ করে সিং বলেন, “আমাদের বিমান যোদ্ধারা প্রতিটি যুগে ইতিহাস রচনা করেছেন। আমরা শুধু আকাশের রক্ষক নই, আমরা জাতির সম্মানেরও প্রহরী।”
(ছবির কৃতিত্ব :- শিপ্রা দাস)
