ইচ্ছেডানা নাট্য পার্বণ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন, মঞ্চ উৎসর্গ স্বর্গীয় বিশ্ববন্দু সেনের নামে

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ০৯ জানুয়ারি :- ইচ্ছেডানা সোশিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে আজ ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে আনুষ্ঠানিকভাবে সূচনা হল বহুল প্রতীক্ষিত ইচ্ছেডানা নাট্য পার্বণ ২০২৬-এর। নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলো ধর্মনগর শহর। নাট্য পার্বণ উপলক্ষ্যে এবছর মঞ্চ উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত বিশিষ্ট নাট্যপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বিশ্ব বন্ধু সেন-এর স্মৃতির উদ্দেশ্যে। মঞ্চ উৎসর্গ পর্বে তাঁর নাট্যচর্চা ও সাংস্কৃতিক

অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাপরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, সমাজসেবী শ্যামল নাথ, ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালি দাস সেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বগন। অতিথিরা তাঁদের বক্তব্যে নাট্যচর্চার সামাজিক গুরুত্ব এবং সাংস্কৃতিক আন্দোলনে ইচ্ছেডানার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নাট্য পার্বণ ২০২৬-এ রাজ্য ও রাজ্যের বাইরের একাধিক নাট্যদল অংশগ্রহণ করছে। আজ থেকে আগামী তিনদিনব্যাপী এই নাট্য উৎসবের মাধ্যমে ধর্মনগরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণসঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইচ্ছেডানা সোশিও কালচারাল অর্গানাইজেশনের কর্মকর্তারা।উদ্বোধনী দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে নাট্যপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আগামী দিনগুলিতে মঞ্চস্থ হতে চলা নাটকগুলি দর্শকদের মন জয় করবে বলেই প্রত্যাশা আয়োজকদের।