সংবাদ সংস্থা, ৬ জানুয়ারি :-
কলকাতা/পশ্চিমবঙ্গ :-
শৈত্য বলয়ের দাপটে কাঁপছে বাংলা। গত ৭২ ঘণ্টায় হুড়মুড়িয়ে নামল তাপমাত্রা। চলতি মরশুমের শীতলতম দিন দেখল কলকাতা। মঙ্গলবার রাতে আলিপুরে পারদ নেমে এল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে – যা জানুয়ারি মাসে গত ২৩ বছরের মধ্যে অন্যতম সর্বনিম্ন। বুধবার সকাল সাড়ে আটটাতেও তাপমাত্রা আটকে রইল ১২.০ ডিগ্রিতে। সূর্যের দেখা নেই, আকাশজুড়ে কুয়াশার চাদর।
অয়ন ঘোষাল জানান, সক্রিয় পাহাড়ি শৈত্য বলয়ের প্রভাবে রাজ্যজুড়ে এই তীব্র শীতের কামড়। কলকাতার পাশাপাশি আশপাশের এলাকাতেও রাতের তাপমাত্রা নেমেছে উল্লেখযোগ্যভাবে –
- সল্টলেক :- ৯°।
- কল্যাণী :- ৮°।
- বারাকপুর :- ৯.৫°।
গত কয়েক দিনের রাতের তাপমাত্রার গ্রাফ স্পষ্টভাবে পারদ পতনের ছবি তুলে ধরছে –
বুধবার ১১.৬°, বৃহস্পতিবার ১৩.১°, শুক্রবার ১৪.২°, শনিবার ১৫.২°, রবিবার ১২.৫°, সোমবার ১০.২°।
নজিরবিহীন পারদ পতন :-
মাত্র ৭২ ঘণ্টায় কলকাতায় রাতের তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি। হিমশীতল হাওয়ায় থরহরিকম্প রাজ্য। দার্জিলিংয়ে পারদ নেমেছে ১.৩ ডিগ্রিতে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান – এই ৮ জেলায় জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা।
তুষারপাত ও কুয়াশার সতর্কতা :-
মানেভঞ্জন, সান্দাকফু, ঘুম, ধোত্রে-সহ রাজ্যের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের জোরাল সম্ভাবনা।
উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে ঘন কুয়াশা, মধ্যবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমে মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস।
সাগরদ্বীপ, দীঘা, ডায়মন্ড হারবার-সহ উপকূল এলাকাতেও কুয়াশা বাড়বে।
শীতল দিনের দাপ :-
দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। উত্তর ও পশ্চিমাঞ্চলের মোট ৮ জেলায় আজ শীতল দিনের পরিস্থিতি।
দেশজুড়ে চরম শৈত্যপ্রবাহ :-
দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানে চরম শৈত্যপ্রবাহের সতর্কতা।
বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে শীতল দিন।
ওড়িশা, দিল্লি ও মধ্যপ্রদেশে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা।
হিমশীতল জানুয়ারির ট্র্যাক রেকর্ড (কলকাতা) :-
- ৯ জানুয়ারি ১৮৯৯: ৬.৭° (অল টাইম রেকর্ড)।
- ৯ জানুয়ারি ২০১৩: ৯.০°।
- ২২ জানুয়ারি ২০০৩: ৯.৩°।
- ৬ জানুয়ারি ২০২৬: ১০.২°।
২০২৫ সালের শেষ পাঁচ দিনে শীতের ভেলকি আগাম ইঙ্গিত দিয়েছিল। পূর্বাভাস মতোই ২০২৫ বনাম ২০২৬ – শীতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষমেশ ৬ জানুয়ারি ২০২৬ হয়ে উঠল এ মরশুমের শীতলতম দিন।
জেলায় জেলায় শীতের ছবি :-
জলপাইগুড়ি :-
ঘন কুয়াশার চাদরে মোড়া শহর। কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। বাসিন্দাদের দাবি, সাম্প্রতিক দিনের মধ্যে আজই সবচেয়ে বেশি শীত।
আরামবাগ :-
শীতে কাবু মানুষ। ঘন কুয়াশায় যান চলাচল ধীরগতির।
পুরুলিয়া :-
তাপমাত্রা ৯°। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রাস্তাঘাট, দৃশ্যমানতা কম।
পশ্চিম মেদিনীপুর :-
খড়গপুর-সহ নারায়ণগড়, সবং, পিংলা ও দাঁতনে কনকনে শীত। ঘন কুয়াশায় ব্যাহত যান চলাচল। সব মিলিয়ে, জানুয়ারির শুরুতেই বাংলায় শীতের দাপট যেন নতুন করে রেকর্ডের দোরগোড়ায়।
