সংবাদ সংস্থা, ৬ জানুয়ারি :- শীতের হাড়কাঁপানো ভোরে আচমকা মরণদুলুনি। নতুন বছরের শুরুতেই ভূমিকম্পে আতঙ্ক ছড়াল অসম ও ত্রিপুরা-সহ গোটা উত্তর-পূর্ব ভারতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-র তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ অসমে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।
এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মোরিগাঁও জেলা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। মধ্য অসমের বিস্তীর্ণ এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয় বলে জানা গিয়েছে। অনেক জায়গায় ঘুম ভেঙে আতঙ্কে মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভোরের আতঙ্ক :-
কম্পনের তীব্রতা এতটাই ছিল যে প্রবল শীত উপেক্ষা করেই বহু মানুষ খোলা জায়গায় আশ্রয় নেন। মাথার উপর বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় রাতের অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত কোথাও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎস ছিল কোপিলি ফল্ট লাইন। এই ফল্ট লাইনে অতীতেও একাধিকবার ভূমিকম্প হয়েছে, ফলে এলাকাটি ভূকম্পন-প্রবণ বলেই চিহ্নিত।
অসমের আগে কেঁপেছিল ত্রিপুরা :-
এর কয়েক ঘণ্টা আগেই ত্রিপুরাতেও ভূমিকম্প অনুভূত হয়। সোমবার রাত ৩টা ৩৩ মিনিট নাগাদ ত্রিপুরার গোমতি জেলায় কম্পন ধরা পড়ে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। এরপরই অসমে ঘটে আরও শক্তিশালী কম্পন।
সতর্ক প্রশাসন :-
নতুন বছরের শুরুতেই এই ভূমিকম্প উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং প্রয়োজন ছাড়া গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
