তেলেঙ্গানায় যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ধর্মগুরু

সুজন চক্রবর্তী, ১৫ অক্টোবর :- অসুস্থ নাবালিকার অসুখ সারানোর নামে যৌন হেনস্থার অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কে গ্রেফতার করলো তেলেঙ্গানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার আদিলাবাদ জেলায়। মঙ্গলবার ১৪ অক্টোবর গ্রেপ্তারির তথ্য প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ সূত্রে প্রকাশ, তন্ত্র মন্ত্রের দ্বারা সব অসুখ সারিয়ে দেওয়া হবে। নাবালিকার পরিবারকে এমনটাই আশ্বাস দিয়েছিলেন অভিযুক্ত ধর্মগুরু। সেই মতো গত ৯ অক্টোবর নিমল জেলার এক নদীর তীরে পূজা পাঠ করেন। এরপর ১১ অক্টোবর আদিলাবাদে ওই পরিবারের বাড়িতে ওঠে অভিযুক্ত। পরিবারকে জানায়, পুরোপুরি সুস্থ করতে হলে মেয়েটিকে একান্তে কিছু রীতি নিয়ম পালনের প্রয়োজন রয়েছে। এরপর মেয়েটিকে নিয়ে একটি ঘরে ঢুকে যান ওই ধর্মগুরু। অন্য ঘরে অপেক্ষা করতে থাকে মেয়েটির পরিবার। অভিযোগ, সেখানেই নাবালিকার যৌন হেনস্তা করে ওই ধর্মগুরু। মেয়েটির পরিবারের দাবি, যৌন হেনস্তার পর নাবালিকাকে হুমকি দেওয়া হয় এই ঘটনার কথা কাউকে না জানানোর জন্য। কাউকে কিছু জানালে অসুখ সারবে না। এদিকে ধর্মগুরুর কুকীর্তির কথা জানতে পেরে নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই মতো তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার ১৪ অক্টোবর আদিলাবাদ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ওই ধর্মগুরুর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তেলেঙ্গানা পুলিশ। এদিকে, রীতিমতো স্বঘোষিত ধর্মগুরুর এহেন ভণ্ডামিতে সাধারণ মানুষের আস্থা নিয়ে ছেলেখেলা মোটেই গ্রহণযোগ্য নয়।