সংবাদ সংস্থা, ৬ জানুয়ারি :- আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা দুই হাই-প্রোফাইল ফ্র্যাঞ্চাইজির সমর্থকদের জন্য। নিজেদের শহর ছাড়তে বাধ্য হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালস (আরআর)। বিকল্প হোম ভেন্যু হিসেবে পুণের দিকে নজর দিচ্ছে দুই দলই।
কারণ, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত বছরের মর্মান্তিক ঘটনার পর কর্ণাটক সরকারের নিষেধাজ্ঞা জারি রয়েছে। অন্যদিকে, প্রশাসনিক জটিলতায় জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়াম থেকে আয়োজক স্বত্ব কেড়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় রাজস্থান রয়্যালসও বিকল্প পরিকল্পনা শুরু করেছে – গুয়াহাটির পাশাপাশি পুণে অন্যতম সম্ভাব্য কেন্দ্র।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) জানিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে আরসিবি ও আরআর – দুই দলই পুণের গাহুঞ্জে অবস্থিত এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করেছে। আইপিএল আয়োজনের জন্য স্টেডিয়ামটির প্রস্তুতি নিয়ে আশাবাদী এমসিএ।
শেষবার পুণেতে আইপিএল ম্যাচ হয়েছিল ২০২২ সালের মে মাসে। এবার যদি আরসিবি বা রাজস্থানের হোম ম্যাচ পুণেতে হয়, তবে বেঙ্গালুরু ও জয়পুরের সমর্থকদের জন্য তা হবে বড় ধাক্কা – কারণ আইপিএলের দু’মাসে নিজেদের শহরে প্রিয় তারকাদের দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন তাঁরা।
