আইপিএল সম্প্রচারে অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে তোলপাড়

সংবাদ সংস্থা, ৬ জনুয়ারি :- চরম সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। অনির্দিষ্টকালের জন্য সে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার ঘোষণা করা হয়েছে। আইপিএল ২০২৬ ঘিরে এই সিদ্ধান্তে নতুন করে আলোড়ন ছড়াল আন্তর্জাতিক ক্রিকেট মহলে।

ঘটনার সূত্রপাত কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া ও পরে তাঁকে ছেড়ে দেওয়াকে ঘিরে। ৯.২ কোটি টাকায় সই করিয়েও রাজনৈতিক ও কূটনৈতিক চাপের আবহে কেকেআর মুস্তাফিজুরকে ছেড়ে দেয় বলে অভিযোগ। এই সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

বাংলাদেশ সরকারের দাবি, বিসিসিআইয়ের এই পদক্ষেপ কোনও স্পষ্ট কারণ ছাড়াই নেওয়া হয়েছে, যা সে দেশের মানুষকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। তারই প্রতিবাদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সমস্ত ম্যাচ ও অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত।

এর প্রভাব শুধু আইপিএলেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে আয়োজিত ২০২৬ টি – টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনিচ্ছুক। মুম্বই ও কলকাতার ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর আবেদনও করা হয়েছে।

মুস্তাফিজুর বিতর্ক ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি ভারত – বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।