সংবাদ সংস্থা, ৭ ডিসেম্বর :- লিওনেল মেসি – যার দুই পা ছুঁলে ফুটবল হয়ে ওঠে শিল্প, যিনি মাঠে নামলেই বদলে দেন ভাগ্যের স্রোত। তাঁর সেই জাদুতেই এবার প্রথমবারের মতো এমএলএস কাপ জিতল ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামি। মেসির আগমনের পর মাত্র দেড় বছরের মধ্যেই ফুটবল – উন্মাদনায় আমেরিকাকে বদলে দেওয়া এই অবিশ্বাস্য গল্পে যুক্ত হলো নতুন স্বর্ণাক্ষর। আর সেই ইতিহাস রচনার পরই ভারতের পথে পা বাড়াচ্ছেন ফুটবলের অনন্য এক কিংবদন্তি – দ্য GOAT।
ইউরোপ ছেড়ে অজানা স্বপ্নে – মায়েরামিতে মেসির বিপ্লব :-
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর অনেকেই ভেবেছিলেন ইউরোপেই থাকবেন মেসি। কিন্তু তিনি বেছে নিলেন এমন এক দেশ, যেখানে ফুটবল ‘বিগ ফোর’-এর অংশও নয়। সেই আমেরিকায় তাঁর আগমনের চার বছরের মধ্যেই ফুটবল যেন ছাপিয়ে গেল আমেরিকান ফুটবল, বেসবল, বাস্কেটবল ও আইস হকির জনপ্রিয়তাকেও। ভরা স্টেডিয়াম, মেসি–জ্বরে উত্তাল শহর – ফুটবলকে নতুন মাত্রায় নিয়ে গেছেন এলএমটেন।
মাত্র সাত বছর বয়সী ক্লাব ইন্টার মায়ামির স্বপ্নদ্রষ্টা বেকহ্যাম প্রতিদিনই কল্পনা করতেন তাঁর ক্লাব একদিন এমএলএসের শিরোপা তুলবে। সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করলেন ‘আমেরিকার ১০ নম্বর’ লিওনেল মেসি।
ফাইনালে আলোকোজ্জ্বল রাত – মেসি দেয় রূপ, মায়ামি পায় ইতিহাস :-
গত শনিবার চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি ৩–১ গোলে হারায় ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে। প্রথমার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরায় প্রতিপক্ষ। কিন্তু এরপর বদলে গেল দৃশ্যপট – মেসির জোড়া অ্যাসিস্টে রদ্রিগো ডি পল ও তাদেও আলেন্দের গোলেই মায়ামির রচিত হয় অবিস্মরণীয় জয়।
মেসির গোলে নয়, খেলার মায়ায়, দৃষ্টিতে, পাসে তৈরি হলো দুই গোলের ভিত্তি। আর সেই সঙ্গে যুক্ত হলো আরেকটি অধ্যায় –
🔹 ক্যারিয়ারের ৪৭তম ট্রফি
🔹 সিনিয়র ফুটবলে ৪৪তম বড় শিরোপা
🔹 ইন্টার মায়ামিতে তাঁর তৃতীয় ট্রফি
আগে কখনও কোনো ট্রফির দেখা না পাওয়া ইন্টার মায়ামি, মেসির আগমনের পর মাত্র দেড় বছরের মধ্যেই জিতে নিল লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড, এবং এবার এমএলএস কাপ।
চ্যাম্পিয়ন মেসির হৃদয়ের কথা :-
শিরোপা জয়ের পর আবেগঘন মেসি বললেন – “তিন বছর আগে আমি মেজর লিগ সকারে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা এমএলএস চ্যাম্পিয়ন। গত বছর আমরা প্রথম দিকেই বিদায় নিয়েছিলাম, আর এই বছর এই শিরোপাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। দীর্ঘ যাত্রার পর দল হিসেবে আমরা এ মুহূর্তের অপেক্ষায় ছিলাম। এই আনন্দ আমাদের প্রাপ্য।”
ইতিহাস লিখে ভারতে আগমন – কলকাতায় শুরু ‘GOAT TOUR’ :-
শিরোপা জয়ের উচ্ছ্বাসের মধ্যেই ভারতবাসীর জন্য আরও বড় সুখবর –
🔸 ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারতে থাকছেন লিওনেল মেসি
🔸 ফুটবলপ্রেমী কলকাতা থেকে শুরু হবে তাঁর ‘GOAT TOUR’
ইতিহাস সৃষ্টির পরই বাঙালি ফুটবলপ্রেমীদের শহরে আসছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলশিল্পী। মায়ামির হয়ে বিপ্লব গড়ে তিনি এবার ছুঁয়ে দেখাবেন কলকাতার আবেগ, উন্মাদনা, ফুটবল – পাগলামি।
