ফের জীবনের নতুন ইনিংস ফেব্রুয়ারিতে বিয়ে করছেন শিখর ধাওয়ান

সংবাদ সংস্থা, ৬ জানুয়ারি :- ফের ছাদনাতলায় বসতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মধ্যেই নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ধাওয়ানের ‘লেডি লাভ’ আইরিশ নাগরিক সোফি শাইন।

সূত্রের খবর, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে দিল্লি-এনসিআরে ঘরোয়া কিন্তু জমকালো আয়োজনে হবে ধাওয়ান-সোফির বিয়ে। ক্রিকেট ও বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত থাকতে পারেন, যদিও অনুষ্ঠান নিয়ে আপাতত নীরব এই জুটি। ঘনিষ্ঠ মহলের কথায়, এটি তাঁদের জীবনের এক “শান্ত, আনন্দময় ও কৃতজ্ঞতায় ভরা নতুন শুরু”।

দুবাইয়ে কয়েক বছর আগে আলাপ, সেখান থেকেই বন্ধুত্বের পর সম্পর্ক গাঢ় হয়। এক বছরেরও বেশি সময় একসঙ্গে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন গ্যালারিতে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয় চর্চা।

৩৫ বছর বয়সী সোফি শাইন কর্পোরেট দুনিয়ায় প্রতিষ্ঠিত। নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে প্রোডাক্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। আয়ারল্যান্ডের ক্যাসলরয় কলেজ ও লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে পড়াশোনা। বর্তমানে তিনি শিখর ধাওয়ান ফাউন্ডেশনের প্রধান, যা ধাওয়ানের ব্যবসায়িক গোষ্ঠী ‘দ্য ওয়ান স্পোর্টস’-এর দাতব্য শাখা।

উল্লেখ্য, ধাওয়ান ২০১২ সালে আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেন। ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের ১১ বছরের ছেলে জোরাভর। সম্প্রতি ধাওয়ান প্রকাশ করেছেন তাঁর আত্মজীবনী ‘দ্য ওয়ান: মাই লাইফ অ্যান্ড মোর’।
নতুন ইনিংসে এবার সুখের রান তোলার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।