বছরের শুরুতেই বদলের সুর হামিদ আহাদাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল

সংবাদ সংস্থা, ৬ জানুয়ারি :- বছরের শুরুতেই বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল। মরক্কো জাতীয় দলের ফরোয়ার্ড হামিদ আহাদাদের সঙ্গে পারস্পরিক সমঝোতায় সম্পর্ক ছিন্ন করল লাল-হলুদ শিবির। সোমবার সন্ধ্যায় ক্লাবের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

গত বছর জুলাইয়ের শেষ দিকে ২০২৫ – ২৬ মরসুমের জন্য হামিদকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। তবে চুক্তির মাঝপথেই বিচ্ছেদের পথে হাঁটল দুই পক্ষ। ক্লাব বিবৃতিতে জানানো হয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করায় হামিদের সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে। পাশাপাশি তাঁর বিকল্প খোঁজার কাজও শুরু করে দেওয়া হয়েছে।

১৭ নম্বর জার্সিধারী হামিদ ছিলেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ফুটবলার। আফ্রিকান লিগে অভিজ্ঞতা থাকলেও লাল-হলুদ জার্সিতে তিনি প্রত্যাশামতো প্রভাব ফেলতে পারেননি।

এদিকে আইএসএল শুরুর জটও কাটতে চলেছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, এক সপ্তাহের মধ্যেই প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণা করা হবে। তার আগেই হামিদের জায়গায় নতুন ফরোয়ার্ড দলে টানার প্রস্তুতিতে ইস্টবেঙ্গল-এমনটাই আশা লাল-হলুদ সমর্থকদের।