বিরাট সতর্কতা :- প্যারাসিটামল – প্যান ৪০ সহ ৩১টি বহুল ব্যবহৃত ওষুধ নিষিদ্ধ

সংবাদ সংস্থা, ৩০ ডিসেম্বর :- সাধারণ মানুষের জন্য বড় সতর্কবার্তা জারি করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল দফতর। সাম্প্রতিক পরীক্ষায় গুণগত মানে ব্যর্থ এবং জাল হিসেবে চিহ্নিত হয়েছে একাধিক নিত্যপ্রয়োজনীয় ওষুধ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জ্বরের ওষুধ প্যারাসিটামল ৬৫০ থেকে শুরু করে গ্যাসের ওষুধ প্যান ৪০ – মোট ২০৬টি ওষুধ গুণগত মানে ফেল করেছে। এর মধ্যে ৩১টি ওষুধ কলকাতার সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবে মান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। পাশাপাশি, চণ্ডীগড় ল্যাবে প্যান ৪০ সহ ৬টি ওষুধকে সন্দেহজনক জাল বলে চিহ্নিত করা হয়েছে।

রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে এই নিষিদ্ধ ও সন্দেহজনক ওষুধের তালিকা রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে – এই তালিকাভুক্ত কোনও ওষুধ যেন কোনওভাবেই সাধারণ মানুষকে না দেওয়া হয়।

স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ওষুধ কেনা ও ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।