সংবাদ সংস্থা, ২৮ ডিসেম্বর :- ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান। সোমবার সকাল ৯টায় প্রয়াত হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্রাবণী বণিক। ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা ও মেটাস্টেসিসে ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া।
গত মাসেই প্রকাশ্যে আসে শ্রাবণীর অসুস্থতার খবর। দীর্ঘদিন টলিউডে কাজ করলেও চিকিৎসার বিপুল খরচে আর্থিক সঙ্কটে পড়েছিল পরিবার। অভিনেত্রীর ছেলে অচ্যুত আদর্শ সোশ্যাল মিডিয়া ও ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সাহায্যের আবেদন করেছিলেন। প্রায় ১২ লক্ষ টাকার প্রয়োজনের কথা জানিয়ে বহু মানুষের কাছে সহায়তা চাওয়া হলেও শেষরক্ষা হল না।
ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন শ্রাবণী বণিক। ‘লালকুঠি’, ‘গোধূলি আলাপ’, ‘রাঙাবউ’, ‘মিষ্টু’, ‘ভুতু’, ‘সোহাগ চাঁদ’ – একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। তরুণ মজুমদারের ‘আলো ও চাঁদের বাড়ি’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।
অভিনয়ের মাধ্যমে যে হাসি ও আবেগ তিনি দর্শকদের উপহার দিয়েছেন, তা স্মৃতিতে রয়ে যাবে। শ্রাবণী বণিকের প্রয়াণে বাংলা টেলিভিশন জগৎ হারাল এক পরিচিত ও প্রিয় শিল্পীকে।
