হাসপাতালে কিরণ রাও, রিস্টব্যান্ডে ‘আমির’ নাম ঘিরে কৌতূহল – ভাল আছেন পরিচালক

সংবাদ সংস্থা, ২৮ ডিসেম্বর :- নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতির মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল পরিচালক কিরণ রাওকে। অ্যাপেন্ডিক্সের সমস্যায় মুম্বইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার হয়েছে। সুস্থতার খবরের পাশাপাশি নেটিজেনদের নজর কেড়েছে কিরণের হাতে বাঁধা হাসপাতালের রিস্টব্যান্ড।

কিরণ নিজেই হাসপাতাল থেকে কিছু ছবি শেয়ার করেন। সেখানেই দেখা যায় রিস্টব্যান্ডে লেখা – ‘কিরণ আমির রাও খান’। ২০০৫ সালে আমির খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাই বিচ্ছেদের পরও প্রাক্তন স্বামীর নাম ব্যবহারের বিষয়টি ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন ও মতামত উঠে আসে।

কেউ প্রশ্ন তুলেছেন নাম ব্যবহারের কারণ নিয়ে, আবার অনেকে যুক্তি দিয়েছেন— হাসপাতালের নথিতে পুরনো নাম থাকাই স্বাভাবিক, চিকিৎসার সময় সেটাই মুখ্য। বহু নেটিজেন কিরণের পাশে দাঁড়িয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অস্ত্রোপচারের পর কিরণ মজার ছলেই লেখেন, “২০২৬-এর পার্টির পরিকল্পনা ছিল, কিন্তু অ্যাপেন্ডিক্স আমাকে একটু ধীরে চলতে শেখাল।” আধুনিক চিকিৎসার প্রশংসা করে তিনি জানান, ছোট একটি ছিদ্র দিয়েই সফল অস্ত্রোপচার তাঁর কাছে বিস্ময়কর অভিজ্ঞতা।

প্রসঙ্গত, বিচ্ছেদ হলেও আমির খান ও কিরণ রাওয়ের সম্পর্ক সৌজন্যমূলক। দু’জনে মিলেই তাঁদের ছেলে আজাদকে বড় করছেন। পেশাগত দিক থেকেও কিরণের জন্য সময়টা উল্লেখযোগ্য – তাঁর পরিচালিত ‘লাপাতা লেডিস’ ৯৭তম অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে জায়গা পেয়েছে। আপাতত সুস্থতার পথে কিরণ – সেটাই তাঁর অনুরাগীদের কাছে সবচেয়ে বড় স্বস্তির খবর।