সংবাদ সংস্থা, ২৮ ডিসেম্বর :- দীর্ঘ বিরতির পর বিজয় হাজারে ট্রফিতে ফিরেছেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা – বিরাট কোহলি ও রোহিত শর্মা। ১৫ বছর পর বিরাট এবং ৭ বছর পর রোহিতের এই প্রত্যাবর্তন ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করেছে। কামব্যাক ম্যাচেই দু’জনের ব্যাট থেকে এসেছে ঝকঝকে সেঞ্চুরি।
২৪ ডিসেম্বর বিরাট দিল্লির হয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে করেন ১৩১, আর রোহিত মুম্বইয়ের হয়ে রাজস্থানের বিরুদ্ধে হাঁকান ১৫৫। পরের ম্যাচে বিরাট গুজরাতের বিরুদ্ধে করেন ৭৭, যদিও উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন রোহিত। দুই ম্যাচে বিরাটের রান ২০৮, রোহিতের ১৫৫।
বিজয় হাজারে পারিশ্রমিক কীভাবে ঠিক হয় ?
আইপিএলের মতো নিলাম নয় – বিজয় হাজারে ট্রফিতে পারিশ্রমিক নির্ধারিত হয় খেলোয়াড়ের লিস্ট ‘এ’ ম্যাচের অভিজ্ঞতার উপর। ২০২৫ – ২৬ মরসুম থেকে চালু হয়েছে স্তরভিত্তিক বেতন কাঠামো।
সিনিয়র বিভাগ (৪০টির বেশি লিস্ট ‘এ’ ম্যাচ) :-
- প্রথম একাদশে প্রতি ম্যাচ ৬০,০০০ টাকা।
- রিজার্ভে ৩০,০০০ টাকা।
মধ্যম স্তর (২১–৪০ ম্যাচ) :-
- প্রথম একাদশে ৫০,০০০ টাকা।
- রিজার্ভে ২৫,০০০ টাকা।
জুনিয়র স্তর (০–২০ ম্যাচ) :-
- প্রথম একাদশে ৪০,০০০ টাকা।
- রিজার্ভে ২০,০০০ টাকা।
কোহলি ও রোহিত দু’জনেই ৪০-এর বেশি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন, তাই তাঁরা বিজয় হাজারে প্রতি ম্যাচে পাচ্ছেন ৬০ হাজার টাকা করে – যেখানে আন্তর্জাতিক ওডিআই ম্যাচে তাঁদের পারিশ্রমিক ৬ লক্ষ টাকা।
ম্যাচ ফি ছাড়াও আয়ের সুযোগ :-
ম্যাচ ফি ছাড়াও খেলোয়াড়রা পান দৈনিক ভাতা (ভ্রমণ, থাকা ও খাবারের জন্য), ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হলে প্রায় ১০ হাজার টাকা বোনাস এবং নকআউট বা ফাইনালে ওঠা দলের জন্য পুরস্কারের অর্থ।
অঙ্কে আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তুলনা চলে না, তবু বিজয় হাজারে ট্রফিতে ‘রো–কো’র উপস্থিতি প্রমাণ করে – টাকা নয়, জাতীয় ক্রিকেটের ভিত মজবুত করাই তাঁদের আসল লক্ষ্য।
