সংবাদ সংস্থা, ২৮ ডিসেম্বর :- এক সময় তিন ফরম্যাটেই ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ঋষভ পন্থ। কিন্তু ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর বাইশ গজে তাঁর প্রত্যাবর্তন মোটের উপর হতাশাজনক। চোট ও অনিয়মিত ফর্ম – এই দুইয়ের চক্রে পড়ে ধীরে ধীরে জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন ২৭ বছরের এই বাঁ-হাতি উইকেটকিপার – ব্যাটার।
বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে দিল্লির নেতৃত্ব দিচ্ছেন পন্থ। প্রথম দু’টি ম্যাচে তাঁর স্কোর ৫ ও ৭০। ফর্ম নজরে থাকলেও, বিসিসিআইয়ের অন্দরমহলের খবর – আপাতত ওয়ানডে দলের ভবিষ্যৎ পরিকল্পনায় আর নেই পন্থ। এমনকি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম ওয়ানডে সিরিজ থেকেও তাঁর বাদ পড়ার সম্ভাবনা প্রবল।
পন্থের জায়গায় কে ? এগিয়ে ঈশান কিষান :-
পন্থের পরিবর্ত হিসেবে সবচেয়ে এগিয়ে ঈশান কিষান। সৈয়দ মুসতাক আলি ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা ঈশান ৫৭.৪৪ গড়ে ও প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৫১৭ রান করেন, ফাইনালে শতরান করে ঝাড়খণ্ডকে প্রথমবার ট্রফি জেতান। বিজয় হাজারে ট্রফিতেও তাঁর ব্যাট কথা বলছে – কর্ণাটকের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি, যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম লিস্ট ‘এ’ শতরান।
অন্য বিকল্প ও দলে ভারসাম্য :-
ঈশানের পাশাপাশি আলোচনায় জিতেশ শর্মাও। টি-টোয়েন্টিতে ফিনিশার হিসেবে পরিচিত জিতেশ ৩২ বছর বয়সে ওয়ানডে অভিষেকের দোরগোড়ায়। নির্বাচকরা এখন ফর্ম ও দলের ভারসাম্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
শুভমন – শ্রেয়সের প্রত্যাবর্তন :-
ঘাড়ের চোট কাটিয়ে শুভমন গিল ফিরতে প্রস্তুত, যা ওপেনিংয়ে স্থিতি ফেরাবে। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারও ফেরার পথে, যদিও মেডিক্যাল ছাড়পত্রই শেষ কথা। গিলের প্রত্যাবর্তনে নেতৃত্ব কাঠামোও পুরনো ছন্দে ফিরবে বলে আশা। সব মিলিয়ে প্রশ্ন একটাই – লাল বলেই কি সীমাবদ্ধ হয়ে যাবেন ঋষভ পন্থ? নাকি আবারও নিজেকে নতুন করে প্রমাণ করার সুযোগ পাবেন গাবার নায়ক? সময়ই দেবে উত্তর।
