ক্রীড়া সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক, ০৬ ডিসেম্বর :- ২০১১ সালের পর ফের মেসি আসছেন ভারতে। তার আগেই বোমা ফাটালেন তিনি। সাফ বলে দিলেন যে, বিশ্বকাপে খেলা নিশ্চিত নয় তাঁর।
প্রতীক্ষার অবসান। আগামী বছরই ফের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ইতিহাসের সব চেয়ে বড় কাপযুদ্ধ শুরু ২৫ মে। ফাইনাল ১৯ জুলাই। প্রথমবার ৪৮ দলের লড়াই দেখবে বিশ্বকাপ। এখন প্রশ্ন শেষ আসরের কাপজয়ী কিংবদন্তি লিয়োনেল মেসি কি খেলবেন? মেসি সম্প্রতি বিশ্বকাপ খেলার বিষয়ে মুখ খুলেছেন। তবে বার্সেলোনার প্রাক্তন ও ইন্টার মায়ামির মহারথী কিন্তু নিশ্চিত ভাবে জানাননি যে, আদৌ তাঁকে ফুটবলের মেগা ফেস্টিভালে দেখা যাবে কিনা! ভারতে আসার আগে বোমা ফাটালেন মেসি! মেসি বলছেন, ‘আশা করি বিশ্বকাপে থাকব। আমি আগেই বলেছি যে, আমি বিশ্বকাপে থাকতে চাই। সবচেয়ে খারাপ হলে আমি লাইভ দেখব, তবে এই বিশ্বকাপ বিশেষ হবে। বিশ্বকাপ সবার জন্যই আলাদা। যে কোনও দেশের ক্ষেত্রেই। বিশেষ করে আমাদের জন্য, কারণ আমরা এটি সম্পূর্ণ আলাদা ভাবে উপভোগ করি।’ ‘সত্যি কথা বলতে, আমার বিশ্বকাপে খেলার বিষয়ে কোচ স্কালোনির সঙ্গে কথা হয়েছে। আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছি। স্কালোনি আমাকে বোঝে। সবসময় বলে যে সে যে কোনও ভূমিকায় আমাকে বিশ্বকাপে চায়। আমাদের মধ্যে এক বিরাট আস্থার সম্পর্ক আছে, এবং আমরা সব নিয়েই কথা বলতে পারি।’ ‘আমাদের অসাধারণ দল। যারা খুব ভালো ভাবে মানিয়ে নেয়। সে ট্রেনিং ম্যাচ হোক বা অনুশীলন। যদি তাদের কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে তারা কঠোর পরিশ্রমই করে। সবাই তাদের সেরাটা দেয়, এবং এটাই জাতীয় দলের বিরাট শক্তি।’ স্কালোনি এবং তার স্টাফরা মিলে এই সব তৈরি করেছে। প্রতিদিনের পরিবেশ থেকেই গড়ে ওঠে। নতুন খেলোয়াড়রা আবির্ভূত হয়। যারা ইতিমধ্যেই আছে, তাদের পাশাপাশিই নতুন মুখও আসতে থাকে। যখন একটি দল এইরকম হয়, তখন নতুনদের ফিট করতে সুবিধা হয়। আর্জেন্টিনার এই মুহূর্তে যা কাজে লাগানো উচিত। বিশ্বকাপ জেতা আত্মবিশ্বাসে এবং স্বস্তির। প্রতিযোগিতার জন্য ভিন্নভাবে প্রস্তুত হওয়ার জন্য।’ মেসি নিজের টিমের ভূয়সী প্রশংসাই করেননি শুধু। পাশাপাশি বলছেন যে, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড এবং ব্রাজিলের মতো অন্যান্য জায়ান্টদের উপস্থিতিতেও তাঁর টিম ট্রফি রক্ষার সর্বাত্মক চেষ্টা করবে’!
