ফের কেঁপে উঠল কচ্ছ – ‘এক্সট্রিমলি হাই রিস্ক’ সিসমিক জোনে ৪.৪ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক

সংবাদ সংস্থা, ২৬ ডিসেম্বর :- গুজরাতের কচ্ছ জেলায় শুক্রবার ভোরে অনুভূত হল ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভোর সাড়ে চারটা নাগাদ এই কম্পন অনুভূত হওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়।

কচ্ছ জেলা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত এবং এটি ‘এক্সট্রিমলি হাই রিস্ক সিসমিক জোন’-এর অন্তর্ভুক্ত। অতীতেও এই অঞ্চলে একাধিক মাঝারি মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়েছে। এবারের কম্পনের পর জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে। এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

গুজরাতে ভূমিকম্প মানেই বহু মানুষের মনে ফিরে আসে ২০০১ সালের ২৬ জানুয়ারির সেই ভয়াবহ স্মৃতি। ৭.৭ মাত্রার কম্পনে সেবার ভুজ শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। সেই দুঃসহ অভিজ্ঞতার ক্ষত আজও কচ্ছবাসীর মনে তাজা।

তাই মাত্রা তুলনামূলক কম হলেও, শুক্রবারের ভূমিকম্প কচ্ছ জেলায় ফের উদ্বেগের পরিবেশ তৈরি করল।