সংবাদ সংস্থা, ২৬ ডিসেম্বর :- আইপিএল যে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তার জ্বলন্ত উদাহরণ ১৯ বছরের কার্তিক শর্মা। ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল ২০২৬ নিলামে চেন্নাই সুপার কিংস তাঁকে ১৪.২০ কোটি টাকায় দলে নিয়েই বদলে যায় তরুণ ব্যাটারের জীবন। সেই মুহূর্তেই তিনি হয়ে ওঠেন নিলামের যৌথভাবে সবচেয়ে দামি আনক্যাপড ক্রিকেটার।
কিন্তু এই বিপুল অঙ্কের পিছনে লুকিয়ে ছিল এক গভীর আবেগ। নিলাম শেষে চোখের জল ধরে রাখতে পারেননি কার্তিক। কারণ এই টাকাতেই মিটে যাবে তাঁর বাবার ২৬ লক্ষ টাকার ঋণের বোঝা – যা এতদিন পরিবারকে ভারাক্রান্ত করে রেখেছিল।
‘সবচেয়ে আগে বাবার ঋণ শোধ করব’ :-
স্পোর্টস সঞ্চালক যতীন সাপ্রুর সঙ্গে কথা বলতে গিয়ে কার্তিক জানান, আইপিএল নিলাম তাঁর ও তাঁর পরিবারের জীবনে স্বস্তির আলো এনেছে। তিনি বলেন, “প্রথম কাজই হবে বাবার ঋণ শোধ করা। এই সুযোগ আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
নিলামে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে তীব্র দর কষাকষি চলে কার্তিককে নিয়ে। হাতুড়ি পড়ার মুহূর্তে আবেগ সামলাতে পারেননি তিনি।
“ভাবতেই পারিনি এত বড় দর উঠবে। সবাই নাচছিল, আর আমি কাঁদছিলাম – খুশিতে,” বলেন কার্তিক।
ফর্মেই ভর করে আকাশছোঁয়া দাম :-
মাঠের পারফরম্যান্সই এনে দিয়েছে এই স্বীকৃতি। সাম্প্রতিক বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের হয়ে ৮ ম্যাচে ৪৪৫ রান করেন কার্তিক, স্ট্রাইক রেট ছিল ১১৮.০৩। সৈয়দ মুসতাক আলি ট্রফিতে দুই মরসুমে ১১ ইনিংসে ৩৩৪ রান (স্ট্রাইক রেট ১৬২.৯২)। ২০২৪ শের-ই-পাঞ্জাব টি-টোয়েন্টিতেও মাত্র ১০ ইনিংসে ৪৫৭ রান করে নজর কেড়েছিলেন তিনি।
নির্ভীক শট, দীর্ঘ ছক্কা আর ধারাবাহিকতা – সব মিলিয়ে কার্তিক শর্মা এখন ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ফোরক নাম। আর আইপিএল ২০২৬ তাঁর জীবনের সেই অধ্যায়, যেখানে স্বপ্ন, সংগ্রাম আর সাফল্য একসঙ্গে মিলেমিশে গেল।
