সংবাদ সংস্থা, ২৬ ডিসেম্বর :- বাংলাদেশে ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যু ও ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইসলাম অবমাননার অভিযোগে পোশাক কারখানার কর্মী দীপুকে মারধর করে হত্যা করা হয় – এই ঘটনায় ভারতের বিভিন্ন মহল থেকেও প্রতিবাদ উঠেছে।
তবে এই দুই ঘটনার বিষয়ে বাংলাদেশের তারকা ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস প্রকাশ্যে কোনও মন্তব্য না করায় বিতর্ক তৈরি হয়েছে। অনেকের ধারণা, বিতর্ক এড়াতেই তিনি নীরবতা বেছে নিয়েছেন। অন্যদিকে, চুপ থাকেননি দেশের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান।
সাকিবের পোস্টে মানবতার আর্তি :-
বড়দিনের দিন ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করে সাকিব বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনাগুলির তীব্র নিন্দা জানান। দীপু দাস ও ওসমান হাদির মৃত্যুতে যেসব শিশু অনাথ হয়ে পড়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজনীতি বা ধর্ম না বোঝা শিশুদের জীবন কেন এভাবে বিপন্ন হচ্ছে – সে প্রশ্ন তুলে ধরেন সাকিব।
তিনি লেখেন, শিশুদের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সমাজ হিসেবে আমরা আদৌ দায়িত্বশীল আচরণ করছি কি না, তা ভাবার সময় এসেছে। পোস্টের শেষে আগামী প্রজন্মের জন্য শুভকামনাও জানান তিনি।
প্রশংসা ও সমালোচনার মাঝে সাকিব :-
ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার বার্তা দিয়ে অনেকের প্রশংসা পেলেও, সাকিবের এই পোস্ট ঘিরে তীব্র সমালোচনাও হয়েছে। কমেন্ট সেকশনে কেউ তাঁকে দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার অতীত রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন। একসময়ের জাতীয় নায়ক সাকিব আজ অনেকের চোখে বিতর্কিত চরিত্র।
মানবতা, দায়িত্ব ও নীরবতা – এই তিনের সংঘাতে বাংলাদেশ ক্রিকেটের দুই পরিচিত মুখ আজ সম্পূর্ণ ভিন্ন।
