সংবাদ সংস্থা, ১০ ডিসেম্বর :- ভয়াবহ এই ভূমিকম্পটি সেখানেই ঘটে, ২০১১ সালে যেখানে আঘাত হেনেছিল ৯.০ মাত্রার ভূমিকম্প।
জাপানে ভয়ংকর ভূমিকম্প। রিখটার স্কেলে ভূ-কম্পনের তীব্রতা ছিল ৭.৬। জাপানের প্রধান হোনশু দ্বীপের একদম উত্তরে প্রিফেকচার আওমোরির উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের ফলে জাপানে আহত ৩৩। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ভূমিকম্পের পরই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। উঁচু উঁচু ঢেউ উঠতে শুরু করে। জারি করা হয় সুনামির সতর্কতা। ওমোরির ঠিক দক্ষিণে ইওয়াতে প্রিফেকচারের কুজি বন্দরে ৭০ সেন্টিমিটার পর্যন্ত সুনামি ঢেউ ওঠে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলি খালি করে দেওয়া হয়। প্রায় ৮০০ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় শিনকানসেন বুলেট ট্রেনের পরিষেবা। কিছু এলাকায় স্থানীয় লোকাল লাইনের পরিষেবাও স্থগিত করে দেওয়া হয়। ভয়াবহ এই ভূমিকম্পটি উপকূলীয় অঞ্চলের ঠিক উত্তরে ঘটে যেখানে ২০১১ সালে আঘাত হেনেছিল ৯.০ মাত্রার ভূমিকম্প। তারপর সুনামিতে প্রায় ২০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল। ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছিল। সোমবার গভীর রাতে আঘাত হানার পর জারি করা সুনামির সতর্কতা মঙ্গলবার সকালে তুলে নেওয়া হয়। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে অন্তর্ভুক্ত হওয়ার কারণেই জাপান এত ভূমিকম্পপ্রবণ।
