পুতিনের হাতে ‘একটুকরো ভারত’ – মোদীর অনন্য উপহারে পাঁচ রাজ্যের গর্ব

সম্পদ সংস্থা, ৭ ডিসেম্বর :- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই দিনের ভারত সফর শেষ হয়েছে। তবে যাওয়ার আগে ‘বন্ধু’ পুতিনের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে দিলেন ভারতের বহুমাত্রিক ঐতিহ্য ও সংস্কৃতির কয়েকটি দুর্লভ নিদর্শন – যা যেন প্রতীকীভাবে উপহার দিল ‘একটুকরো ভারতই’।

উপহারের তালিকায় ছিল পাঁচ রাজ্যের পাঁচ বিশেষ শিল্প ও ঐতিহ্যের ছাপ। আসামের কালো চা থেকে কাশ্মীরি জাফরান, মুর্শিদাবাদের রুপোলি কারুকাজ থেকে মহারাষ্ট্রের শিল্পকর্ম – প্রতিটি উপহারই ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিচয়ের প্রতিচ্ছবি।

পুতিনকে মোদী উপহার দেন ‘শ্রীমদ্ভগবদ্‌ গীতা’র রুশ অনুবাদ সংস্করণ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ নিয়ে রচিত এই শাস্ত্র সনাতন ভারতের চিরন্তন জ্ঞান, আত্মার মুক্তি ও নীতিনিষ্ঠ জীবনের পথনির্দেশকে তুলে ধরে। রুশ অনুবাদটি দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধনের সুন্দর প্রতীক।

ব্রহ্মপুত্রের উর্বর উপত্যকায় জন্ম নেওয়া আসামের বিখ্যাত কালো চা তার তীব্র সুবাস, উজ্জ্বল রং এবং ঐতিহ্যবাহী ‘আসামিকা’ প্রক্রিয়ার জন্য বিশ্বজোড়া পরিচিত। ২০০৭ সালে জিআই-ট্যাগপ্রাপ্ত এই চা ভারতের চা – সংস্কৃতির গর্বও বটে।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সূক্ষ্ম কারুকাজ করা রুপোলি চা সেটও ছিল উপহারের তালিকায়। মুঘল ঐতিহ্যের স্মারক এই রুপোর কাজ বাংলার শিল্প, ঐতিহ্য ও নৈপুণ্যের অনন্য পরিচায়ক। একই সঙ্গে ভারত – রাশিয়া উভয় দেশের চা-সংস্কৃতির প্রতি সম্মানও প্রতিফলিত করে।

মহারাষ্ট্রের কারিগরদের হাতে নির্মিত রুপোলি ঘোড়াটি উপহার হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। সূক্ষ্ম অলঙ্করণে ভারতীয় ধাতব শিল্পের ঐতিহ্য ফুটে উঠেছে এতে। মর্যাদা, বীরত্ব ও পারস্পরিক সম্মানের প্রতীকস্বরূপ এই ঘোড়া যেমন পুতিনের ব্যক্তিগত ঘোড়সওয়ারি – প্রেমেরও উল্লেখযোগ্য স্মারক।

আগরার বিখ্যাত মার্বেল পাথরে তৈরি দাবা সেটটি ‘এক জেলা এক পণ্য’ (ODOP) উদ্যোগের অন্তর্ভুক্ত। আগরার পাথর খোদাই শিল্পের সৌন্দর্য এবং সূক্ষ্মতা এই উপহারে স্পষ্ট।

কাশ্মীরি জাফরান – অতুল রং, গন্ধ ও মূল্য
উচ্চভূমিতে জন্মানো কাশ্মীরের ‘লং’ জাফরান তার রং, সুবাস ও বিশুদ্ধতার জন্য বিশ্ববিখ্যাত। ভারতীয় কৃষি ঐতিহ্যের এক অমূল্য সম্পদ হিসেবেই এটি পুতিনের উপহারের ঝুলিতে স্থান পেয়েছে।

সব মিলিয়ে, পুতিনের জন্য মোদীর এই বিশেষ উপহারের ঝুলি শুধু সৌজন্য নয় – ভারতের ইতিহাস, শিল্প, সাহিত্য, আধ্যাত্মিকতা এবং বৈচিত্র্যের এক বর্ণময় প্রতিচ্ছবি।