কেঁপে উঠলো পায়ের তলার মাটি, দুলে উঠলো মাথার উপরের আকাশ! আবারও ভয়াল ভূমিকম্পের কবলে বাংলাদেশ

সংবাদ সংস্থা, ০৬ ডিসেম্বর :- আবার ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার ভোর সোয়া ৬টার দিকে কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প পরিমাপক সংস্থা ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, বাংলাদেশে ভোর ৬টা ১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে, নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। গভীরতা ছিল ৩০ কিলোমিটার। এর আগে, সোমবার, ১ ডিসেম্বর, কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এদিন রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। এ ছাড়া গত কিছুদিন ধরেই বিরতি দিয়ে নরসিংদীতে ভূমিকম্প হচ্ছে। এতে কাঁপছে ঢাকাও। বিশেষজ্ঞদের কেউ কেউ এসব ভূমিকম্পকে বড় কম্পনের পূর্বাভাস বলেই সন্দেহ করছেন। এজন্য ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার-সহ প্রয়োজনীয় প্রস্তুতির পরামর্শও দিচ্ছেন তাঁরা।