সংবাদ সংস্থা, ০২ ডিসেম্বর :- বিশ্বের তাবড় তাবড় শীর্ষ ব্যাংকগুলো তেমনই পূর্বাভাস দিচ্ছে। বিশ্ব চাহিদার উপর ভিত্তি করেই আগামী বছরে আরও বৃদ্ধি পেতে পারে সোনার দাম।
রেকর্ড গতি অব্যাহত রেখে ২০২৬ সালেও বাড়তে পারে সোনার দাম। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক উদ্বেগ সোনার দাম আরও বাড়িয়ে তুলবে। বিশেষজ্ঞদের মতে, আগামী বছরেও সোনা দামের নতুন রেকর্ড গড়তে পারে। ছাড়িয়ে যেতে পারে ১ লাখ ৫০ হাজার গণ্ডিও। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, ২০২৬ সালে সোনার দাম প্রতি ট্রয় আউন্স ৫,০০০ ডলার ছুঁতে পারে, যা প্রায় ২০% বৃদ্ধি। (ট্রয় আউন্স হল মূল্যবান ধাতু বা রত্ন ওজনের একক) বিশেষজ্ঞরা তাই বলছেন দাম বাড়তে থাকলেও, বিশ্বের অস্থির অর্থনৈতিক পরিস্থিতিতে সোনায় বিনিয়োগ-ই নিরাপদ আর তাই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদাও শীর্ষে। এমনকি অনেক বিনিয়োগকারী সোনায় বিনিয়োগ বাড়ানোরও পরামর্শ দিচ্ছেন। যাতে পরে আরও উচ্চ দামে সেই সোনা বা সোনার গয়না বিক্রি করে মুনাফা ঘরে তোলা যায়। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, প্রায় ৭০% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিশ্বাস করেন সোনার দাম আরও বাড়বে। তারমধ্যে ৩৬% বিনিয়োগকারী মনে করেন ২০২৬ সালের শেষে দাম ৫,০০০ ডলারের উপরে যাবে। ব্যাংক অব আমেরিকা মনে করছে আগামী বছর সোনার দাম ৫,০০০ পর্যন্ত উঠতে পারে। যা বর্তমান দামের তুলনায় প্রায় ১৯% বেশি। ডয়েশ ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে সোনার দাম ৪,৯৫০ পর্যন্ত যেতে পারে (১৮% সম্ভাব্য বৃদ্ধি)। গোল্ডম্যান স্যাকসেরও মতে আগামী বছর ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম ৪,৯০০ ডলার ছুঁতে পারে। HSBC-ও বলছে, ২০২৬ সালে সোনার দাম ৩,৬০০ ডলার থেকে সর্বোচ্চ ৪,৪০০ ডলার হতে পারে। তবে তবে তারা প্রত্যেকেই সতর্ক করেছে যে শেয়ারবাজার ধসে পড়লে, ফেড প্রত্যাশার তুলনায় সুদ কম কমালে অথবা ভূ-রাজনৈতিক উত্তেজনা কমলে, সোনার দাম আবার নেমে যেতে পারে। তাই বিনিয়োগে ঝুঁকি সবসময়ই যেমন থাকে, সেটা কিছুটা হলে থাকছে।
