শুশীল সিনহা, শিলচর, ১৮ নভেম্বর :- রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো হাইলাকান্দিতেও হৃদয়ের তারকা জুবিন গার্গের ৫৩তম জন্মদিন উদযাপিত হলো। আজ হাইলাকান্দি জেলার আলগাপুর কেন্দ্রের আলগাপুর বাজার এলাকায় জুবিন গার্গের ৫৩তম জন্মদিন পালন করে অসম গণ পরিষদ (এজিপি)। অসম গণ পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বড়ভুঁইয়া জানান, আগামী বছর থেকে প্রতিবার ১৮ নভেম্বর জুবিন গার্গের জন্মদিনকে জাতীয় স্বাভিমান দিবস হিসেবে উদযাপন করবে অসম গণ পরিষদ।
দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুবিন গার্গের জন্মদিন পালন করে সংগঠনটি। তবে জুবিনকে হারিয়ে জন্মদিন উদযাপনে অনুপস্থিতির শূন্যতা স্পষ্ট ছিল – ছিল না আগের সেই উচ্ছ্বাস। জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে প্রথমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়, পরে ‘মায়াবিনী’ গান গেয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন সদস্যরা।

তাঁরা বলেন – জুবিন দা হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন, চিরদিন অমলিন স্মৃতি হয়ে। অনুষ্ঠানের শেষে জুবিন দার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করা হয়।
