মোস্তাফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি, ১৪ নভেম্বর :- গভীর প্রতিদ্বন্দ্বিতা, আমেজ পূর্ণ পরিবেশ আর প্রবীণ – নবীনের মিলনমেলায় বৃহস্পতিবার সম্পন্ন হয় হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন। দুই বছরের কার্যকালের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে সকাল থেকেই ভোটকেন্দ্রে ছিল প্রবল উৎসাহ। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে ২০৫ জন আইনজীবী সদস্য-সদস্যা তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন। দিনভর ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে পাঁচটায় ঘোষিত হয় ফলাফল। এবারের নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রবীণ আইনজীবী নুরুল হক মজুমদার বিজয়ী হন। তিনি মোট ১০৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী মুফজ্জল হোসেন বড়ভূইয়া পান ৭৪ ভোট। সহ-সভাপতি পদেও দেখা যায় সরাসরি লড়াই। প্রতিদ্বন্দ্বিতা করেন আইনজীবী নুরুল আমিন মজুমদার ও আইনজীবী সুফিয়া বেগম বড়ভূইয়া। ভোটের মাধ্যমে নুরুল আমিন মজুমদার এই পদে নির্বাচিত হন, তাঁর প্রাপ্ত ভোট ১১৮। অপর প্রার্থী সুফিয়া বেগম বড়ভূইয়া পান ৬২ ভোট। সাধারণ সম্পাদক পদেও হয় তীব্র প্রতিযোগিতা। বর্তমান বোর্ডের সাধারণ সম্পাদক আইনজীবী ফখরুল ইসলাম বড়ভূইয়া-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আইনজীবী জয়নুল ইসলাম চৌধুরী। ভোটযুদ্ধে অভিজ্ঞতার জোরেই ফের জয়ী হন ফখরুল। তিনি পান ১২৯ ভোট, জয়নুল ইসলাম পান ৫২ ভোট। ফলে ফখরুল ইসলাম বড়ভূইয়া দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন। যুগ্ম সম্পাদক পদে চার প্রার্থীর মধ্যে লড়াই হয়েছিল টানটান উত্তেজনায়। প্রতিদ্বন্দ্বীরা ছিলেন — আইনজীবী গৌতম ঘোষ, আইনজীবী শহিদুল ইসলাম লস্কর, আইনজীবী কমরুল ইসলাম চৌধুরী ও আইনজীবী রাজকুমার দাস। দীর্ঘ ভোটগণনার পর গৌতম ঘোষ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। শহিদুল ইসলাম লস্কর পান ৪৮ ভোট, কমরুল ইসলাম ৪৪ ভোট এবং রাজকুমার দাস পান ৩ ভোট।
অন্যদিকে, সহ-সম্পাদক পদে ভোট প্রয়োজন পড়েনি। ওই পদে আইনজীবী মরিয়ম বেগম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁর বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আইনজীবী ফাতেমা রহমান মজুমদার ও মুস্তাফা আহমদ, তবে দুজনই পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার করে নেন।
নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন আজিজুর রহমান লস্কর। সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া, যা বিকেল পর্যন্ত চলে। গণনা শেষে সন্ধ্যা সাড়ে পাঁচটায় ঘোষণা করা হয় ফলাফল। ভোটের ফল ঘোষণার পরেই বারের প্রাঙ্গণে দেখা যায় উল্লাসের ঢেউ। নবনির্বাচিত সভাপতি নুরুল হক মজুমদার ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বড়ভূইয়া-কে সহকর্মীরা ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে উষ্ণ অভিনন্দন জানান।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় সভাপতি নুরুল হক মজুমদার বলেন, হাইলাকান্দি বারকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা আমাদের প্রথম লক্ষ্য। প্রবীণ ও নবীন – সকলের সহযোগিতায় আমরা একটি কর্মমুখী কার্যকাল উপহার দিতে চাই। অন্যদিকে সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম লস্কর বলেন, আমার ওপর যে আস্থা সহকর্মীরা রেখেছেন, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সবাইকে নিয়ে এগিয়ে যাবে নতুন কার্যনির্বাহী সংস্থা। বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচন ঘিরে হাইলাকান্দির আইনজীবী মহলে যেমন ছিল উৎসবের আমেজ, তেমনি ফল ঘোষণার পর দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাসে ভরা এক ঐক্যবদ্ধ পরিবেশ।
হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হক মজুমদার, সম্পাদক পদে ফের বিজয়ী ফখরুল ইসলাম বড়ভূইয়া!
